খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এর খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ এবং এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ মুখোমুখি হয়।
নির্ধারিত সময়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। পরে রোমাঞ্চকর টাইব্রেকারে ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদকে পরাজিত করে এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রভোস্ট ডা. মোঃ উজ্জ্বল হোসেন এবং ড. মোঃ হাফিজুর রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার বলেন, আগামী মৌসুমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের শিক্ষার্থীদের জন্যও খেলাধুলাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, দলগত চেতনা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সফল সমাপ্তি ঘটে।


