প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। যার অংশ হিসেবে আজ ২৩ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য বলেন, 'বাংলাদেশ সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আমরা এই উদ্যোগ বাস্তবায়ন করছি। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বৃক্ষের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক ক্যাম্পাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।'
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
উল্লেখ্য, সরকারের নির্বাচনী ইশতেহারের ২৫ নম্বর পৃষ্ঠায় ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন’ অধ্যায়ে ২৫ কোটি গাছের চারা রোপণ, ১০ হাজার নার্সারি উদ্যোক্তা সৃষ্টি এবং এ দুটির মধ্য দিয়ে মোট ছয় লাখ কর্মসংস্থানের অঙ্গীকারের বিষয়টি উল্লেখ রয়েছে।


