খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার শিক্ষকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলাম
সভায় শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন, জমি অধিগ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করা, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রমোশনের ব্যবস্থা, শিক্ষকদের জন্য হোম লোন সুবিধা চালু, গবেষণার মানোন্নয়নে পর্যাপ্ত গবেষণা কক্ষ ও অবকাঠামো নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয়ে জোরালো দাবি জানান। এছাড়া শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
এ সময় নবনিযুক্ত উপাচার্য শিক্ষকবৃন্দের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণামুখী ও মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


