প্রতিষ্ঠার দীর্ঘ নয় বছর পর অবশেষে স্থায়ী ক্যাম্পাস পেতে যাচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)।
নতুন উপাচার্য যোগদানের পর ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠনের মাধ্যমে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দৃশ্যমান তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে প্রায় ২৫০ একর জমি অধিগ্রহণের একটি খসড়া সীমানা চূড়ান্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জুলাই ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হয়। এরপর ২০১৮ সালে প্রথম উপাচার্য নিয়োগের মাধ্যমে শুরু হয় এর প্রাতিষ্ঠানিক যাত্রা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসের পার্শ্ববর্তী দৌলতপুর ও খালিশপুর এলাকায় স্থায়ী ক্যাম্পাসের পরিকল্পনা করছে।
বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের ৩০ অক্টোবর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. নাজমুল আহসান দায়িত্ব নেয়ার পর প্রকল্প বাস্তবায়নে গতি ফিরেছে।
বর্তমানে নতুন প্রকল্প অন্তর্ভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পাওয়ার পর ফাইলটি এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় হয়ে একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ডিপিপি পুনর্গঠনের কাজ চলছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণ ও স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে।’


