এমওইউ স্বাক্ষরের মাধ্যমে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে যৌথ সহযোগিতার উদ্যোগ
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়ারুল কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) যবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং যৌথ একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে উঠে আসে। প্রস্তাবিত এমওইউর আওতায় যৌথ গবেষণা পরিচালনা, গবেষণাগার ও ল্যাবরেটরি সুবিধা বিনিময়, সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মতামত ব্যক্ত করেন।
এ সময় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং গবেষণার পরিধি সম্প্রসারণে আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতার বিকল্প নেই। সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন, যা শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে।
সাক্ষাৎ শেষে দুই উপাচার্য উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি অচিরেই এমওইউ স্বাক্ষরের মাধ্যমে এ সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


