খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩য় ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে ৩য় ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষদের ইন্টার্নশিপ কোঅর্ডিনেশন কমিটির প্লেসমেন্ট অর্গানাইজার ডা. ফৌজিয়া বাহার। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যানিমেল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ড. তসলিম হোসেন। তিনি ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে নিজের অভিজ্ঞতার আলোকে মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এবং ইন্টার্নশিপের প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে দক্ষতা অর্জনের আহ্বান জানান।এরপরে ইন্টার্নশিপ কোঅর্ডিনেশন কমিটির ইন্টার্নশিপ কোঅর্ডিনেটর ড. এম. এ. হান্নান ইন্টার্নশিপ বিষয়ক একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। তিনি ইন্টার্নশিপ চলাকালীন করণীয়, বিভিন্ন প্রতিষ্ঠানে প্লেসমেন্টের বিস্তারিত, প্লেসমেন্টকালীন পেশাগত আচরণ, উপস্থিতি, মূল্যায়ন পদ্ধতি, নম্বর বণ্টন, লগবুক পূরণের নিয়ম, দায়িত্ব ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। পাশাপাশি পূর্ববর্তী ব্যাচের কার্যক্রমের আলোকচিত্র ও অভিজ্ঞতা উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ধারণা প্রদান করেন এবং সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার বিভিন্ন কৌশল তুলে ধরেন।
এ সময় ইন্টার্ন চিকিৎসকদের হাতে লগবুক, ব্যাগ, অ্যাপ্রন ও আইডি কার্ড তুলে দেন ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং SK+F Pharmaceuticals Ltd. এর রিজিওনাল সেলস ম্যানেজার (RSM) মি. মৈনাক রঞ্জন রায়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজন ইন্টার্ন চিকিৎসকের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতিমূলক বক্তব্য প্রদান করেন ইন্টার্ন চিকিৎসক নাজমুল ইসলাম ও জান্নাতি ইসলাম জুঁই। নাজমুল ইসলাম তার বক্তব্যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইন্টার্নশিপে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে শেখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, চার বছরের একাডেমিক শিক্ষার পর বাস্তব চিকিৎসাসেবায় অংশগ্রহণের মাধ্যমে একজন ইন্টার্ন চিকিৎসক হিসেবে দায়িত্ববোধ আরও গভীর হয়েছে এবং সেই দায়িত্বই তাদের শেখার প্রধান অনুপ্রেরণা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অপরদিকে, জান্নাতি ইসলাম জুঁই তার বক্তব্যে ইন্টার্নশিপ কার্যক্রম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি একাডেমিক শিক্ষার পর হাতে-কলমে শেখার সুযোগকে ভবিষ্যৎ দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন এবং সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্নের জন্য সকলের দোয়া কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে, SK+F Pharmaceuticals Ltd. এর রিজিওনাল সেলস ম্যানেজার (RSM) মি. মৈনাক রঞ্জন রায় প্রাণিসম্পদ খাতে প্রতিষ্ঠানের নতুন ভেটেরিনারি ওষুধ, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম, আধুনিক VMD Certified Laboratory তে উৎপাদিত ওষুধের গুণগত মান এবং ভেটেরিনারি খাতের উন্নয়নে SK+F এর বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন, মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ এবং ভেটেরিনারি সেক্টরের টেকসই উন্নয়নে দক্ষ ভেটেরিনারিয়ানদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভবিষ্যতে প্রশিক্ষণ, গবেষণা ও বিভিন্ন কার্যক্রমে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে ইন্টার্নশিপকালীন পেশাগত আচরণ, উপস্থিতি, মূল্যায়ন, ভাতা এবং সার্বিক করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি SK+F এর সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনেশন কর্মসূচি, ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন কমিউনিটিভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি অনুষদের একাডেমিক উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী সম্পৃক্ততা এবং সম্মিলিত অগ্রযাত্রার প্রত্যয় ব্যক্ত করে সকল ইন্টার্ন চিকিৎসকের সফলতা কামনা করেন।


