জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় খুলনা নগরীর শিববাড়িস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন গণমাধ্যমে উপাচার্য তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতিকে বৈষম্য, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি যুগিয়েছে। তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সকল আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।


