নীতি গবেষণায় শব্দের যথাযথ ব্যবহারের ওপর খুকৃবিতে আইকিউসি এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা নিশ্চিত করার লক্ষ্যে "From 'Linked To' to 'Causes': How Words May Mislead in Policy Research" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১-এর অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীন উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুল আহসান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (SANEM)-এর প্রোগ্রাম ডিরেক্টর জুবায়ের হোসেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন IQAC-এর অতিরিক্ত পরিচালক ও এগ্রিকালচারাল ইকোনমিকস বিভাগের সহকারী অধ্যাপক মো. জহুরুল ইসলাম।
বক্তারা বলেন, কোনো বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের পরিসংখ্যানগত সম্পর্ক (Correlation) থাকলেই সেটিকে কার্যকারণ (Causation) হিসেবে উপস্থাপন করা গবেষণায় একটি সাধারণ ভুল। নীতিনির্ধারণী গবেষণায় এ ধরনের ভুল ব্যাখ্যা বিভ্রান্তিকর সিদ্ধান্তের জন্ম দিতে পারে। তাই গবেষণায় তথ্য বিশ্লেষণ, প্রমাণভিত্তিক উপসংহার এবং শব্দের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সবশেষে বক্তা গবেষক, নীতি-যোগাযোগকারী, শিক্ষক এবং নীতিনির্ধারকদের জন্য কিছু বাস্তবধর্মী পরামর্শ প্রদান করেন। তিনি গবেষণার সীমাবদ্ধতা স্পষ্টভাবে উল্লেখ করা, মূল গবেষণা যাচাই করা, সতর্ক ও নির্ভুল ভাষা ব্যবহার করা এবং কারণ-ফল সম্পর্কের দাবিকে সমালোচনামূলকভাবে মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। উক্ত সেশনের মূল প্রতিপাদ্য বিষয় হলো -গবেষণার ভাষা কেবল তথ্য প্রকাশের মাধ্যম নয়; বরং সেই ভাষাই জননীতি গঠন করে এবং শেষ পর্যন্ত সমাজের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ে গবেষণার গুণগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


