শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আবাসন, পরিবহন, গবেষণা ও অন্যান্য বিভিন্ন সীমাবদ্ধতা এবং তাদের প্রত্যাশার বিষয়গুলো উপাচার্যের সামনে তুলে ধরেন। তারা এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর উপাচার্য বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে র্যাগিং, ইভটিজিং কিংবা যেকোনো ধরনের হয়রানির ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে তাদের সমস্যা ও যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে শিক্ষার্থীদেরও শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ইতিবাচক পরিবেশ বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান।


